দলের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় স্মিথ
একের পর এক চোট। ভারতের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্ট খেলতে নামার আগে অস্ট্রেলিয়ার চিন্তার কারণ ব্যাটিং! এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়া দলের সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ।
ওপেনার ডেভিড ওয়ার্নার চোটের জন্য প্রথম টেস্ট খেলতে পারবেন না। জো বার্নস ফর্মে নেই। অনুশীলন ম্যাচে তরুণ ওপেনার উইল পুকোভস্কির মাথায় বল লাগায় তিনিও নিশ্চিত নন। এমন অবস্থায় যশপ্রীত বুমরা, মোহাম্মদ মহম্মদ শামিদের সামলাতে অস্ট্রেলিয়া তাকিয়ে থাকবে স্মিথের দিকেই।
স্মিথ বলেন, ‘আমাদের দলের ব্যাটিং গভীরতা পরীক্ষার মুখে পড়বে। ওয়ার্নার নেই, তরুণ ব্যাটসম্যানরা দলে আসছে। বড় পরীক্ষা আমাদের সামনে। ভারত গত বার এখানে জিতেছিল। ওদের আক্রমণ সামলানো বেশ কঠিন হবে।’
ওয়ার্নার না থাকায় স্মিথ কি ব্যাটিং অর্ডারে ওপরে উঠে আসবেন? ‘আমি ৩ নম্বরে ব্যাট করতে রাজি আছি। ৩ হোক বা ৪ আমার ব্যাট করতে অসুবিধা নেই।’
গতবার অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জিতে ফিরেছিল ভারত। তবে সেই বার ওয়ার্নার এবং স্মিথ দু’জনেই ছিলেন না। বল বিকৃতির অভিযোগে তাদের দল থেকে নির্বাসিত করা হয়। ফিরে এলেও অধিনায়কত্ব এখনও ফিরে পাননি স্মিথ। সাদা বলের ক্রিকেটে অ্যারন ফিঞ্চের অনুপস্থিতিতে দেখা যায় ম্যাথু ওয়েডকে নেতৃত্ব দিতে।
স্মিথ বলেন, ‘এখন টিম পেইন (টেস্ট দলের অধিনায়ক) এবং ফিঞ্চ নিজেদের দায়িত্ব ভাল ভাবে সামলাচ্ছে। আমি যা করছি তাতেই খুশি।’
খবর সারাবেলা / ১০ ডিসেম্বর ২০২০/এমএম




