তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা
দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।এতে জানানো হয়, রাজশাহী, পাবনা, সিলেট, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এছাড়া ঢাকা, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়া অফিস জানায়, সারাদেশে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯০ শতাংশ।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।আগামী ৭২ ঘন্টা বা ৩ দিনে দেশের আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
খবর সারাবেলা / ১১ এপ্রিল ২০২০ / এমএম




