ঢাকার বাইরে ডেঙ্গু বাড়ছে
বর্ষা মৌসুমে মাথা চাড়া দিয়েছে ডেঙ্গু। এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন বিপুল পরিমাণ মানুষ। গত কয়েক মাসে ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি থাকলেও সম্প্রতি ঢাকার বাইরেও বাড়তে শুরু করেছে এডিসের প্রকোপ। ঢাকা বাদে দেশের অন্যান্য জেলায় গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৫ জন। আর এই সময়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫৮৭ জন। ঢাকার মতো অন্য জেলায়ও এডিসের প্রকোপ বৃদ্ধির কারণে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি হতে পারে শঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গু জ্বরের মৌসুম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। আর চলতি বছরের শুধু জুলাই মাসেই রোগীর সংখ্যা ২ হাজার ২৮৬ জন।
অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৮৪ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৯ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন।
তবে আগের দিন বৃহস্পতিবার ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি ছিল। এদিন সারা দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ২৬৭ জন। তাদের মধ্যে ২১৭ জন ঢাকায় এবং ৫০ জন ছিলেন ঢাকার বাইরে।অথচ দিন দশেক আগেও পরিসংখ্যানে দেখা গেছে, দৈনিক আক্রান্তের ক্ষেত্রে ঢাকার বাইরে সারা দেশে ডেঙ্গী রোগী ভর্তি সংখ্যা ১০ পেরোতে খুব কম।
কিন্তু গত এক সপ্তাহের চিত্র পরো বিপরীত। বৃহস্পতিবার ঢাকার বাইরে ৫০ জন আক্রান্ত হয়। তার আগের দিন বুধবার সারাদেশে ডেঙ্গু রোগে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৭৮ জন। তাদের মধ্যে রাজধানীতে ২৩০ জন আর ঢাকার বাইরের জেলাগুলোর হাসপাতালে ভর্তি হন ৪৮ জন।
মঙ্গলবার ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৮ জন। তাদের মধ্যে রাজধানীতে ভর্তি হয়েছেন ২১২ জন আর ঢাকার বাইরের জেলাগুলোর হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৬ জন।সোমবার মোট ডেঙ্গুরোগীর সংখ্যা ছিল ২৭৬ জন। তাদের মধ্যে রাজধানীতে ভর্তি হয়েছেন ২৪৩ জন আর ঢাকার বাইরের জেলাগুলোর হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৩ জন।
রবিবার সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল গত সপ্তাহের সর্বোচ্চ। এদিন ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৯১ জন। তাদের মধ্যে রাজধানীতে ভর্তি হয়েছেন ২৫৯ জন। আর ঢাকার বাইরের জেলাগুলোর হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩২ জন।
সপ্তাহের প্রথম দিন শনিবার মোট রোগীর সংখ্যা ছিল ২৭৮ জন। তাদের মধ্যে রাজধানীতে ভর্তি হয়েছেন ২৫৭ জন আর ঢাকার বাইরের জেলাগুলোর হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন।এই পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, সপ্তাহের প্রথম দিন থেকে শেষ দিন বৃহস্পতিবার ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বৃদ্ধি হয়েছে দ্বিগুণের বেশি।
এদিকে অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য বলছে, গত এক সপ্তাহে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৩২ জন। তাদের ১ হাজার ৫৮৭ জন ঢাকায় এবং ২৪৫ জন দেশের অন্যান্য জেলার হাসপাতালে ভর্তি রয়েছেন।
নতুন আক্রান্তদের নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯০৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১২৭ জন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট ৯ হাজার ৩০৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ২৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডেঙ্গু সন্দেহে শুক্রবার পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাই মাসে ১২ জন এবং আগস্টে এখন পর্যন্ত ২৮ জন মারা গেছেন।চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং চলতি মাসে এখন পর্যন্ত ৬ হাজার ৬৪৬ জন রোগী ভর্তি হন।
খবর সারাবেলা / ২৮ আগস্ট ২০২১ / এমএম




