জনপ্রিয়তা কমছে ফায়ারফক্সের

এক সময়ের বহুল ব্যবহৃত ব্রাউজার মজিলা ফায়ারফক্সের জনপ্রিয়তা দিনে দিনে কমেই চলেছে। গত তিন বছরে প্রায় চার কোটি ৬০ লাখ ব্যবহারকারী হারিয়েছে তারা। অথচ তুমুল জনপ্রিয় এ এক সময় ব্রাউজার টক্কর দিয়েছে অ্যাপলের সাফারি ও গুগলের ক্রোম ব্রাউজারের সঙ্গে। কয়েক বছর আগেও ফায়ারফক্সের অবস্থা ছিল ভিন্ন। ২০১৮ সালে ব্রাউজারটির সক্রিয় মাসিক ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ২৪ কোটি ৪০ লাখ। পরবর্তী বছরগুলোতে প্রায় পাঁচ কোটি সক্রিয় ব্যবহারকারী হারিয়েছে ব্রাউজারটি।

এমনটাই উঠে এসেছে মজিলার নিজস্ব পাবলিক ডেটা রিপোর্টে। ব্যবহারকারীরা যে গুগল ক্রোম, মাইক্রোসফট এজের মতো ক্রোমিয়াম-ভিত্তিক ব্রাউজারের দিকে ঝুঁকছেন, সেদিকেই ইঙ্গিত করছে বিষয়টি। যদিও অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রি-ইন্সটলড হিসাবেই আসে গুগল ক্রোম। অন্যদিকে, উইন্ডোজে ডিফল্ট ওয়েব ব্রাউজার হিসাবে থাকে মাইক্রোসফট এজ। এ ছাড়াও ক্রোমে যাতে দ্রুত ওয়েবসাইট লোড হয় সেজন্য অপটিমাইজড অবস্থায় আসে গুগল ক্রোম।

অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে প্রতিযোগিতা বজায় রাখতে ফায়ারফক্সে বিভিন্ন সুবিধা নিয়ে এসেছে মজিলা। এমনকি ব্যবহারকারীদের গোপনতা সুরক্ষিত রাখতে নিজেদের ডিফল্ট ট্র্যাকিং সুরক্ষা সেটিংসেও পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি। অনেকেই বলছেন, ফায়ারফক্সে পর্যাপ্ত কার্যকারিতা আপডেটের অভাবের কারণেই এসব ব্যবহারকারী মুখ ফিরিয়ে নিয়েছে। বর্তমানে ব্রাউজারটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা মাত্র ১৯ কোটি ৮০ লাখ।

খবর সারাবেলা / ০৯ আগস্ট ২০২১ / এমএম