করোনা: শীর্ষে ঢাকা সর্বনিম্নে রাজশাহী
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ( ২ মে ) ৮ হাজার ৭৯০ জন আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসে আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা আর সর্বনিম্নে আছে রাজশাহী বিভাগ।শনিবার (২ মে) করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।তিনি বলেন, ঢাকা বিভাগেই সর্বোচ্চ পরিমাণ করোনা রোগী শনাক্ত হয়েছেন। ১ মে’র রিপোর্ট অনুযায়ী, শনাক্ত রোগী ৮৩.০৭ ভাগ ঢাকা বিভাগের, ৪.৬ ভাগ চট্টগ্রাম বিভাগের, ১.৫৭ ভাগ সিলেট বিভাগের, ১.৮০ ভাগ রংপুর বিভাগের, ২.২০ ভাগ খুলনা বিভাগের, ৩.৭১ ময়মনসিংহ বিভাগের, ১.৬৯ ভাগ বরিশাল বিভাগের এবং রাজশাহী বিভাগের ১.৫৩ ভাগ।২০১৯ সালের শেষ দিন চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। চীন পরিস্থিতি অনেকটা সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল।
শনিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৯ হাজার ৫৯২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ৮৩০ জন। অপরদিকে ১০ লাখ ৮১ হাজার ৫৯৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ সকাল পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ লাখ ৮১ হাজার ৬৩৯ জন। যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন এক লাখ ৬১ হাজার ৫৬৩ জন, স্পেনে এক লাখ ৪২ হাজার ৪৫০ জন, ইতালিতে ৭৮ হাজার ২৪৯ জন, ফ্রান্সে ৫০ হাজার ২১২ জন। ইরানে সুস্থ হয়েছেন ৭৬ হাজার ৩১৮ জন।গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। এরপর থেকে দেশে আক্রান্ত আর মৃতের সংখ্যা বাড়তেই থাকে।
খবর সারাবেলা / ০২ মে এপ্রিল ২০২০ / এমএম




