করোনার সেকেন্ড ওয়েভে ফের লকডাউন নয়

September 23, 2020

অর্থনীতি সচল রাখতে ফের লকডাউনের কথা ভাবছে না সরকার বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, এছাড়া করোনার সেকেন্ড ওয়েভ ঠেকাতে মন্ত্রণালয়গুলোকে নিজস্ব পরিকল্পনা আগামী পনেরো দিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ পরবর্তীতে সেগুলোকে সমন্বয় করে চূড়ান্ত পরিকল্পনা নেবে।

তিনি আরো বলেন, করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে জনগণের মাঝে ব্যাপক সচেতনতা কার্যক্রম চালানো হবে। সকলকে স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে হবে। বিমানবন্দরে মানুষের প্রবেশ ও বের হওয়ার সময় মনিটরিং বাড়ানো হবে।

তিনি বলেন, বিমান বন্দরগুলোতে আগমন ও বহির্গমনে নজরদারির দায়িত্বে থাকবে সেনাবাহিনী। আগামী অক্টোবর-নভেম্বরে করোনা পরিস্থিতি আবারো খারাপ হওয়ার আশঙ্কায় গত সোমবারের মন্ত্রিপরিষদের বৈঠকেও প্রস্তুতির নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, মসজিদ, মার্কেটসহ সব জায়গায় মাস্ক বাধ্যতামূলক করতে প্রয়োজনে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।

দেশে গত ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ দ্রুত ছড়াতে থাকে। জুনে সেটা তীব্র আকার ধারণ করে। শুরু থেকেই করোনা শনাক্তে টেষ্টের প্রতি গুরুত্ব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশে প্রথমদিকে কেবল রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এ করোনার নমুনা পরীক্ষা করা হলেও দিনে দিনে সেটি বেড়েছে এবং পরীক্ষা কেন্দ্রেরও বিস্তার ঘটেছে।

পরীক্ষাগারের সংখ্যা বাড়লেও গত জুন মাসের শেষে করোনার নমুনা পরীক্ষার জন্য সরকারিভাবে ফি নির্ধারণ, টেষ্ট করাতে ভোগান্তি, রিপোর্ট পেতে দেরিসহ নানা কারণে মানুষ করোনার নমুনা পরীক্ষা করাতে আগ্রহ হারায়।

ফলে টেস্টের সংখ্যা কমে আসায় স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জনগণকে করোনা টেস্ট করানোর জন্য একাধিকবার অনুরোধ ও আহ্বান করা হয়। তারপরও মানুষকে করোনার নমুনা পরীক্ষায় আগ্রহী করানো যায়নি। একইসঙ্গে জীবনযাত্রা স্বাভাবিক করানোর চেষ্টায় মানুষের অবাধ চলাচল বেড়েছে।

খবর সারাবেলা / ২৩ সেপ্টেম্বর ২০২০ / এমএম