ইউক্রেনের ঐতিহ্যবাহী খাবার

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের রয়েছে নিজস্ব সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি। ইস্ট স্লাভিক সভ্যতার দেশটির রয়েছে বিখ্যাত কিছু খাবার। পরিচিত হওয়া যাক ইউক্রেনের ঐতিহ্যবাহী রন্ধনশৈলী সাথে।

বোর্শট উইথ গার্লিক ফ্রিটারস (Borscht with garlic fritters)

ঐতিহ্যগতভাবে প্রতিটি ইউক্রেনীয় মেয়েকে বিয়ের আগে এই রান্নাটি শিখতে হয়। ইউক্রেন যে তাদের খাবারে অনেকগুলো উপাদান ব্যবহার করে, বোর্শট এর অন্যতম উদাহরণ । প্রথমে এ খাবারটিতে ৩০টি থালা ব্যবহার করা হলেও সময়ের সাথে তা কমে আসছে। এই ডিশে প্রথমত গরুর মাংসের ঝোল তৈরি করার জন্য মাংসটি আগে ঠাণ্ডা পানিতে ভেজানো হয়। তারপর মাংসের সাথে অন্যান্য উপাদান যোগ করে একটি বন্ধ সসপ্যানে তা রান্না করা হয়। পাউরুটির বদলে রসুন ভাজা ব্যবহার করা হয়, যাকে স্থানীয়রা পাম্পশুকি বলে।

চিকেন কিয়েভ (Chicken Kiev)

ইউক্রেনের পর্যটকদের প্রথম এবং প্রধান খাবার হলো চিকেন কিয়েভ। খাবারটি এতোই জনপ্রিয় যে বর্তমানে নিউ ইয়র্ক বা লন্ডনের ঝলমলে রেস্তোরাঁয় শোভা পায় ইউক্রেনের এই বিখ্যাত ডিশটি। চিকেন কিয়েভ রান্না করতে রাঁধুনিকে যথেষ্ট পরিমাণে পেশাদার হতে হয়। তাজা মুরগির ফিলেটের সাথে এক টুকরো মাখনের অনবদ্য সংমিশ্রণ আপনার জিভে জল আনতে বাধ্য।

পটেটো প্যানকেক (Potato Pancake)

সকাল বা বিকালের নাশতার জন্য ডেরুনি বা পটেটো প্যানকেক একটি উৎকৃষ্ট খাবার। সুক্ষ্মভাবে কাটা আলুগুলো তাজা ভাজা হয়, তারপর তার সাথে মাংশ, পেঁয়াজ, মাশরুম, মশলা এবং শেষে এক চিমটি লবনের মাধ্যমে তৈরি হয় পটেটো প্যানকেক।

সালো (Salo)

ইউক্রেনীয়দের নিজস্ব পছন্দের খাবারের মধ্যে সালো অন্যতম। আতিথেয়তা বা বিত্তশালীদের নিজস্ব প্রতীক হিসেবে এই খাবারের চল আছে। শূকরের মাংসের চর্বি এই খাদ্যের মূল উপাদান। মশলা বা সবুজ শাক দিয়ে এই খাবার পরিবেশন করা হয়।

ভারেনিকি (Vareniki)

ভারেনিকি ময়দার তৈরি এক ধরনের ডাম্পলিং। বাঁধাকপি, মাশরুম, কটেজ পনির, চেরি, মাংশ, আলু, এই খাবারের প্রধান উপকরণ। ইউক্রেনীয়রা টক ক্রিমের সাহায্যে এই ডামপ্লিং খেয়ে থাকে।

স্টাফড ক্যাবেজ রোলস (Stuffed cabbage rolls )

স্টাফড ক্যাবেজ রোলস বা স্থানীয় ভাষায় গোলুবটসি খাবারটি তৈরি করতে দীর্ঘপরিমাণ সময় লাগে। বাঁধাকপির পাতায় চাল এবং কিমা মুড়িয়ে এটি তৈরি হয়। শেষে টক ক্রিম দ্বারা ডিশটি পরিবেশিত হয়।

ওক্রোশকা (Okroshka)

ওক্রোশকা একটা গ্রীষ্মকালীন সুপ। এর মূল উপাদান কেভাস, সাথে থাকে সসেজ, শশা, সবুজ শাক, গাজর এবং এর সঠিক গঠনের জন্য ব্যবহার করা হয় বড় আকারের মুলা।

বানুশ (Banush)

বানুশ ইউক্রেনের একটি কিংবদন্তী খাবার। কার্পাথিয়ান অঞ্চলের সেরা সব রেস্তোরাঁর অন্যতম খাবার হচ্ছে বানুশ। এটি ভাজা শুয়োরের মাংশ, কর্ন গ্রিট ও পনির দ্বারা তৈরি করা হয়।

সিরনিকি (Syrniki)

যারা মিষ্টি প্রেমী, তাদের জন্যই এই খাবার। সিরনিকির মূল উপাদান কুটির পনির, ময়দা, চিনি ও ডিম। একটি প্যানে আলতো করে ভাজার পর জ্যাম ও টক ক্রিম দিয়ে খাবারটি পরিবেশন করা হয়। যদিও সিরনিকি তৈরি করার জন্য উপাদানগুলোর নিখুঁত অনুপাতের প্রয়োজন হয়।

নালিসনিকি (Nalisniki)

নালিসনিকি ইউক্রেনের একটি পুষ্টিকর খাবার। এই খাবার তৈরির মূল মন্ত্র হলো- অল্প আঁচে ধীরে ধীরে রান্না করা। খাবারটির মূল উপাদান কুটির পনির আর কিশমিশ। জ্যাম আর চিনি সহযোগে খাবারটি পরিবেশন করা হয়।

খবর সারাবেলা / ০৬ মার্চ ২০২২ / এমএম