আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন টনি ক্রুস

মাত্র দুদিন হলো ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠার ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে জার্মানি জাতীয় ফুটবল দল। আর এর মধ্যেই এক বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন দলীয় মিডফিল্ডার টনি ক্রুস। জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না তাকে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ক্রুস।জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট দিয়েছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।

সামনে কাতার বিশ্বকাপ। কিন্তু এর আগেই জাতীয় দলকে বিদায় জানালেন তিনি। এ বিষয়ে টনি বলেন, ‘অনেক দিন ধরেই আমি নিজের কাছে পরিষ্কার ছিলাম যে, ২০২২ বিশ্বকাপে খেলতে পারব না। মূল কারণ হচ্ছে আমি আগামী কয়েক বছর রিয়াল মাদ্রিদে নিজের লক্ষ্যের ব্যাপারে মনোযোগী হতে চাই। জাতীয় দলের হয়ে ১১ বছর খেলার পর আমি এখন জাতীয় দলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছি। আর একজন স্বামী ও বাবা হিসেবে, সেদিকেও সময় দিতে চাই।’

উল্লেখ্য, ২০১০ সালে জার্মানি জাতীয় ফুটবল দলের টনি ক্রুসের অভিষেক হয়। এরপর ক্রমেই দলের গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে ওঠেন তিনি। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে দেশকে শিরোপা এনে দেওয়ায় তার দারুণ ভূমিকা ছিল। জার্মানি জাতীয় দলের হয়ে মোট ১০৬ ম্যাচ খেলেছেন তিনি; ১৭ গোল করার পাশাপাশি করিয়েছেন ১৯টি।

খবর সারাবেলা / ০৩ জুলাই ২০২১ / এমএম