অর্থ সম্পর্কে শিশুদের শেখাবেন যেভাবে

শিশুদের টাকা পয়সা সম্পর্কিত জ্ঞান শেখাতে অনেক মা-বাবাই আগ্রহী নন। শিশুদের যখন আপনি অর্থ সম্পর্কিত বাস্তব এবং সুস্পষ্ট ধারণা দিতে পারবেন তারা বড় হয়ে বেশ ফলপ্রসূ ভূমিকা রাখতে পারবে ব্যক্তি ও পারিবারিক জীবনে। শিশুদের বিদ্যালয়ে যোগ-বিয়োগ শেখার সময়ই অর্থ সম্পর্কিত জ্ঞান অর্জন করার উপযুক্ত সময়।

শিশুদের আর্থিক দক্ষতা, যেমন সঞ্চয় এসব ব্যাপারে সঠিক জ্ঞান থাকলে তারা বেশি কর্মঠ আর দক্ষ হয়ে উঠবে। কেননা তারা তাদের শৈশবের অর্থ কিভাবে ব্যয় করবে সে সম্পর্কে উদ্ভাবনী চিন্তা-ভাবনায় নিজেকে ব্যস্ত রাখতে পারবে। এর ফলে তারা ছোট বয়স থেকেই পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণ দেখানোর চর্চাটা করতে পারবে।

শিশুদের অর্থ সম্পর্কে শেখানোর ১০টি চমকপ্রদ উপায়
শিশুদের এমন গেম খেলতে দিন যেখানে তারা অর্থ সম্পর্কে জানতে পারে শিশুদের খেলার জন্য কিছু বোর্ড গেম আছে যেখানে তারা অর্থ সম্পর্কিত জ্ঞান লাভ করতে পারবে। মনোপলি এবং লাইফ গেমের মত কিছু বোর্ড গেম উদাহরণস্বরুপ বলা যায়। পরিবারের সাথে এসব গেম খেলে শিশুরা টাকা পয়সা সম্পর্কিত জ্ঞান নিতে পারবে।

শিশুকে নিয়ে শপিংয়ে যান

শিশুদের বাস্তব উপায়ে টাকা পয়সা সম্পর্কে শেখানোর সব চেয়ে সহজ এবং কার্যকরী উপায় হলো তাদের নিয়ে কেনাকাটা করতে যাওয়া। মুদি দোকান, কাঁচা বাজার থেকে শুরু করে বড় শপিং মলে কেনাকাটা করতে গেলে শিশুদের সঙ্গে নিয়ে যান। তারা দেখে দেখে শিখে নিতে পারবে। শপিংয়ে আপনার বাজেট কেমন সে ব্যাপারে তাদের জানান। সেই বাজেটের মধ্যে কেনাকাটা শেষ করার একটি খেলা খেলুন আপনার সন্তানের সাথে। এর ফলে সে আপনার সাধ,সাধ্য এবং সন্তুষ্টির ব্যাপারে খুব দ্রুত বুঝে যাবে। কারণ আপনার সন্তান আপনার কেনাকাটা সম্পূর্ণ ট্র্যাক করতে পারবে। সে আপনার সঞ্চয়ের ব্যাপারেও জেনে যাবে।

সন্তানকে ভাতা প্রদানের পদ্ধতি চালু করুন

শিশুরা বিদ্যালয়ে যাওয়া শুরুর পর থেকে নানা বিষয়ে শিখতে শুরু করে। তারা পরিবেশ এবং পরিবার সম্পর্কে পাঠ্যবইয়ে নানা বিষয়ে জানতে পারে। এর ফলে তাদের মধ্যে পরিবার এবং বড়দের প্রতি এক ধরনের দায়িত্ববোধ চলে আসে। পরিবারের কাজে তারা সাহায্য করতে সচেতন হয়। কিন্তু তারা তাদের স্কুলের পড়ার খরচ এবং দৈনন্দিন টিফিন ও অন্য খরচের ব্যাপারে কখনো জানতে পারে না। বাবা-মা সাধারণত তাদের না জানিয়েই সব খরচ করে থাকে সন্তানের জন্য। এর ফলে সন্তান কখনো বাস্তবতা শিখতে বা জানতে পারে না। তাই আপনার সন্তানের জন্য মাসিক খরচের হিসেব করে তাকে সে অনুযায়ী ভাতা প্রদানের মাধ্যমে পরিচয় করিয়ে দিন। তাহলে সে বুঝতে পারবে তার পড়াশোনা, পরিবারের প্রতি দায়িত্ব এবং বাসার কাজে সাহায্য করার বিনিময়ে সে তার পড়াশোনার খরচ, পছন্দের খাবার এবং পোশাক কেনার জন্য ভাতা পাচ্ছে। সে নিজের উপার্জন থেকে খরচ করছে এরকম মনোভাব নিয়েই বেড়ে উঠবে।

সন্তানকে সঞ্চয় করতে উৎসাহ দিন আপনার সন্তান বড় হওয়ার সাথে সাথে যেন অর্থ জমানোর জন্য নিরাপদ সুযোগ পায় সে বিষয়টা নিশ্চিত করুন। সেটা হতে পারে মাটির তৈরি ব্যাংক বা যেকোনো কিছু যেখানে সে সঞ্চয় করতে পারে। জমানোর জন্য তাকে তিনটি পাত্র দিতে পারেন। একটিতে সঞ্চয় করবে, আরেকটি থেকে খরচ করবে এবং অপরটি থেকে দান করবে। এর ফলে শিশুর মনোভাবের অনেক পরিবর্তন আসবে।

সন্তানকে ব্যাংকে নিয়ে যান

আপনার সন্তানকে সঙ্গে নিয়ে ব্যাংকে যান এবং একটি অ্যাকাউন্ট খুলুন। কারণ ব্যাংক হলো আরও উন্নত আর্থিক ধারণা বুননের উপযুক্ত জায়গা।

শিশুদের অর্থ নিয়ে কথা বলতে শেখান

বিদ্যালয়ে শিশুরা কারো বাড়ি তৈরির খরচ কত, কারো গাড়ির দাম কত, কার পিতা-মাতার বেতন কত, এসব ব্যাপারে গল্প করতে পছন্দ করে। কিন্তু এই বয়সের শিশুদের যদি আপনি এসবের দামের ব্যাপারে নির্দিষ্ট পরিমাণের সংখ্যা উল্লেখ করে শোনান তারা এর প্রকৃত মানে কখনোই বুঝতে পারবে না। যেমন একটা শিশুকে আপনি যদি বলেন গাড়ির দাম এক লাখ টাকা। সে কিন্তু এক লাখ টাকা আসলে কত এ ব্যাপারটি কখনোই বুঝবে না।

আপনি যদি বাড়িতে আপনার সন্তানের সাথে আপনার পরিবারের আর্থিক বিষয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন তবে ধীরে ধীরে ব্যাখ্যা করুন যে কে কত টাকা উপার্জন করে বা ব্যয় করে তা অন্য লোকেদের জিজ্ঞাসা করা ভালো কাজ নয়। আপনার সন্তানকে বন্ধু বা সহপাঠীদের সাথে আপনার পরিবারের আর্থিক বিষয়ে আলোচনা করা থেকেও নিরুৎসাহিত করতে পারেন।

শিশুদের টিভি দেখার সময় নিয়ন্ত্রণে রাখুন

টিভিতে যেকোনো সময় যেকোনো ধরনের বিজ্ঞাপন শুরু হয়ে যেতে পারে। কিন্তু আপনি চাইলেই টিভির বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন না। এর ওপর নিয়ন্ত্রণ নেই। আপনার সন্তান টিভিতে হয়তো এমন সব লোভনীয় বা গ্যাজেটের বিজ্ঞাপন দেখে প্রভাবিত হতে পারে যেটা অনেক ব্যয়বহুল অথবা আপনার সামর্থ্যের বাইরে। তাই সন্তানের টিভি দেখার সময়টা নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসুন।

ক্রেডিট কার্ড এবং এটিএম সম্পর্কে ব্যাখ্যা করুন শিশুদের ক্রেডিট এবং এটিএম বুথ বা ব্যাংক ব্যবস্থার সাথে দ্রুত পরিচয় করিয়ে দিন। তাহলে তারা আরও দক্ষতা অর্জন করতে পারবে টাকা পয়সা সম্পর্কে। শিশুদের নিয়ে যখন আপনি বুথ থেকে টাকা উত্তোলন করবেন তারা ভাববে এটাতে হয়তো কার্ড প্রবেশ করালেই টাকা আসে। কিন্তু পুরো সিস্টেম সম্পর্কে জানাতে হবে। আপনার জমানো বা উপার্জিত টাকাই কেবল এটিএম থেকে বের হয়- এটা বুঝিয়ে দিন।

সন্তানকে ভালো উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিন

আমরা সবসময় টাকা পয়সা খরচ করে ভালো থাকতে চাই। বেশিরভাগ মানুষও এটাই বিশ্বাস করে। শিশুরাও তো তাই শেখে আমাদের থেকে। কিন্তু টাকা পয়সা ছাড়াও যে আমরা ভালো থাকতে পারি এ ধারণা সন্তানদের শেখাই না। আমরা চাইলেই এরকম হাজারটা উদাহরণ শিশুদের দিতে পারি যা করতে বাস্তবিক অর্থে কোনো টাকা খরচ হয়না। যেমন পরিবারের সাথে কাটানো সুন্দর মুহুর্ত কেউ চাইলে কোটি টাকা মূল্যেও কিনতে পারবে না।

শিশুদের উদারতা শেখান

দাতব্য সম্পর্কিত আলোচনা ছাড়া অর্থ সম্পর্কে কোনো শিক্ষাই পরিপূর্ণ হয় না। আপনার সন্তানকে এটাই শিক্ষা দিন পরিবারের প্রতি ভালবাসা, একসাথে সবাই মিলে খাওয়া-দাওয়া এবং মাথার ওপর ছাদের মতো জিনিসগুলেঅ অমূল্য। এটাই একজন ব্যক্তির জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

খবর সারাবেলা / ০১ মার্চ ২০২২ / এমএম