অতিমাত্রায় ছড়িয়ে পড়লে মোকাবিলা অসম্ভব: স্বাস্থ্য মহাপরিচালক

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ অতিমাত্রায় ছড়িয়ে পড়লে তা মোকাবিলা করা সম্ভব হবে না বলে আশংকা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তিনি বলেন, জানি না এই পরিস্থিতি কবে নাগাদ শেষ হবে।মঙ্গলবার (৭ এপ্রিল) দেশের করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. আবুল কালাম আজাদ বলেন, চীনের উহানে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে ওই সময়েই আমরা প্রস্তুতি নিতে শুরু করি। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা আমরা আস্তে আস্তে জানতে পারছি। প্রতিদিন, প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। আমরা আসলে জানি না এই পরিস্থিতি কবে নাগাদ শেষ হবে। তবে এই সংক্রমণ অতিমাত্রায় ছড়িয়ে পড়লে তা মোকাবিলা করা অসম্ভব বলেও স্বীকার করেন তিনি।

তিনি বলেন, এ জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সচেতনতার কোনো বিকল্প নেই। সবাইকে যেভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে- সেভাবে তা মেনে চলতে হবে। প্রত্যেকের অধিকার আছে নিজেকে রক্ষা করা। কারও যদি সন্দেহ হয় আপনি আক্রান্ত, আপনারও দায়িত্ব আছে অন্যকে রক্ষা করার।

স্বাস্থ্য অধিদফতর ডিজি বলেন, আমরা গত তিনমাস ধরে করোনাভাইরাস প্রতিরোধে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছি। আমরা শরীরে ও মনে ক্লান্ত। এ অবস্থায় করোনা পরিস্থিতি কীভাবে মোকাবেলা করব- আমরা সে বিষয়ে কাজ করছি।

ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭ জনে। এছাড়া নতুন করে আরও ৪১ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। তবে এদের মধ্যে ৩৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

খবর সারাবেলা / ০৭ এপ্রিল ২০২০ / এমএম