অঙ্কুশ-শুভশ্রীর বন্ধ হওয়া ছবির কাজ শুরু

অঙ্কুশ হাজরা ও শুভশ্রী গাঙ্গুলীর বন্ধ হয়ে যাওয়া একটি ছবির কাজ আবারও শুরু হলো। নাম ঠিক না হওয়া এ ছবিটি পরিচালনা করছেন বাবা যাদব। এর প্রধান মুখ্য ভূমিকায় রয়েছেন অঙ্কুশ-শুভশ্রী। ২০১৯ সালে এ ছবির কাজ শুরু হয়েছিল।কিন্তু কাজ অনেকটা এগোনোর পর করোনার দাপট এবং শুভশ্রীর মাতৃত্বের কারণে বন্ধ হয়ে যায় শুটিং।

টলিউডপাড়া সচল হতেই ছবির কাজ আবার শুরু হয়েছে। শুভশ্রীও শুটিং করার জন্য প্রস্তুত। দেড় বছর পর শুরু হল সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবির নির্মাণ। আবার কাজে ফিরতে পেরে ছবির নায়ক-নায়িকা দুজনেই খুব খুশি। নেটমাধ্যম তাদের পোস্টে সেই খুশির চিহ্ন ফুটে উঠেছে।

অঙ্কুশ-শুভশ্রী জুটির প্রথম ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’। বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল ছবিটি। এরপর গত ছয় বছর তারা একসঙ্গে কাজ করেননি বড় পর্দায়। ২০১৯ সালে সেই সুযোগ আসলেও করোনার থাবায় আটকে গিয়েছিল শুটিং।

ওই সময় নতুন ছবির কাজ শুরুর পর নেটমাধ্যমে একটি ভিডিও দেন অঙ্কুশ। সেখানে নানা মজার ভঙ্গিতে দেখা যায় শুভশ্রী, অঙ্কুশ ও পরিচালক বাবা যাদবকে। অঙ্কুশ লিখেছিলেন, ‘সবাইকে ভূতে ধরেছে!’ শুভশ্রী সঙ্গে সঙ্গে লেখেন, ‘স্পেশালি তোমাকে।’

সেই আনন্দ-মজা স্থায়ী হয়নি। বিশ্বব্যাপী করোনা নেমে আসে। ২০২০ সালের মার্চে কাজ বন্ধ হয়ে যায়। দেড় বছর বাদে বাকি কাজ শুরু হল অবশেষে। স্বাভাবিক ভাবেই ইউনিটের সকলেই খুশি।

এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন জিৎ গঙ্গোপাধ্যায়। এক সময় শোনা গিয়েছিল, ছবিতে একটু অন্য রকম চরিত্রে অভিনয় করবেন সুব্রত দত্ত। তিনি কি আছেন এই ছবিতে? সব রহস্যের সমাধান হবে অচিরেই।

খবর সারাবেলা / ১০ আগস্ট ২০২১ / এমএম