অক্সফোর্ডের টিকার দাম জানালেন স্বাস্থ্যমন্ত্রী
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ডের তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন আনছে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, চলতি জানুয়ারি মাসেই ভ্যাকসিনের প্রথম চালান দেশে আসবে। এছাড়া প্রতিটি ভ্যাকসিনের সর্বোচ্চ খরচ পড়বে ৫ ডলার। যা বাংলাদেশি মূদ্রায় ৪২৫টাকা।শনিবার (২ জানুয়ারি) মানিকগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অন্যান্য অনেকে দেশের তুলনায় কম দামে অল্প সময়ে ভ্যাকসিন পাবে বাংলাদেশ। অক্সফোর্ডের ভ্যাকসিন সর্বোচ্চ ৫ ডলার (বাংলাদেশি টাকায় ৪২৫ টাকা) খরচে পাওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ডের ভ্যাকসিন শিগগিরই অনুমোদন দেবে। এ ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া কম।
তিনি বলেন, প্রায় ৬ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের অর্ডার নিশ্চিত করা হয়েছে। পর্যায়ক্রমে আরও অর্ডার দেয়া হবে। অক্সফোর্ডের ভ্যাকসিন ৩ কোটি ডোজই পাওয়া যাবে, প্রথম চালানে ৫০ লাখ ডোজ আসবে। জানুয়ারি মাসেই ভ্যাকসিনের প্রথম চালান দেশে আসবে বলে জানান মন্ত্রী।
প্রথম চালানের ভ্যাকসিন প্রথম কাদের দেয়া হবে, সে বিষয়ে তালিকা প্রণয়নে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভ্যাকসিন দেয়ার পরও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করার তাগিদ দেন।
এদিকে আগামীকাল রোববার ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন কিনতে ব্যাংকে ৬০০ কোটি টাকার বেশি জমা দেবে বাংলাদেশ সরকার।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সেরাম ইনস্টিটিউট অগ্রিম টাকা হিসেবে এটা নেবে এবং বাকি টাকা টিকা সরবরাহ শুরু করার পর দেয়া হবে। চুক্তির ধারা অনুযায়ী তারা যদি আগামী জুনের মধ্যে টিকা দিতে না পারে তাহলে বাংলাদেশে অগ্রিম এই টাকা ফেরত নেবে।
খবর সারাবেলা / ০২ জানুয়ারি ২০২১/এমএম




