৮শ’ করোনা রোগী সুস্থ হওয়ার পথে

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ৮২৩৮ জনের মধ্যে ৮০০ রোগী সুস্থ হওয়ার পথে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এসব ব্যক্তিদের শরীরে এখন আর করোনার কোনো লক্ষণ বা উপসর্গ নেই।শুক্রবার (১ মে) নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘আমাদের করোনা আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ৮০০ জন সুস্থ আছেন। মানে তাদের মধ্যে কোনো লক্ষণ, উপসর্গ নেই। কিন্তু তাদের পরপর দুটি টেস্ট করতে হয়। হয়তো তাদের কারও একটি টেস্ট হয়েছে, আরেকটি হয়নি, এ পর্যায়ে আছে। আবার কারও কারও হয়তো একটিও হয়নি, তবে লক্ষণ নেই। লক্ষণ, উপসর্গ সম্পূর্ণভাবে নিরাময় হওয়ার পরই আমরা পুনরায় টেস্টগুলো করি। এই ৮০০ আক্রান্ত ব্যক্তির কিছু সংখ্যক বাসায় আবার কিছু রোগী হাসপাতালে রয়েছেন।

এদিন ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫৫৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫৭১ জন। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৩৮ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ২ জন। এতে মৃতের সংখ্যা হয়েছে ১৭০। এছাড়া আরও ১৪ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ১৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া দুজনের একজন পুরুষ, একজন নারী। একজন ষাটোর্ধ্ব, একজন পঞ্চাশোর্ধ্ব।দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানানো হয় গত ৮ মার্চ। এর আগে গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের আঘাত আসে। এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।বিশ্বব্যাপী এখন পর্যন্ত এই ভাইরাসে ৩৩ লাখ ২২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছে ২ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ লাখের বেশি মানুষ।

খবর সারাবেলা / ০১ মে এপ্রিল ২০২০ / এমএম