৬ দিনের ব্যবধানে বসলো পদ্মা সেতুর ৩৪তম স্প্যান
দুই দিন চেষ্টার পর পদ্মা সেতুর ৩৩তম স্প্যান বসানোর ৬ দিনের ব্যবধানে সফলভাবে বসানো হলো ৩৪তম স্প্যান। এ স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর ৫ দশমিক ১০ কিলোমিটার। এর আগে সেতুর ৩৩তম স্প্যানটি বসানো হয় ১৯ অক্টোবর।
রোববার (২৫ অক্টোবর) সকাল দশটার সময় ৩৪ তম স্প্যান বসানো হয়েছে বলে জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।
এর আগে তীব্র বাতাস ও আলো স্বল্পতার কারণে গতকাল (২৪ অক্টোবর) দিনভর চেষ্টা করেও পদ্মা সেতুর ৩৪তম স্প্যানটি বসানো যায়নি। আজ সকাল থেকে পুনরায় কাজ শুরু হওয়ার পর স্প্যানটি সফলভাবে বসানো হয়েছে।
যদিও আগে থেকেই সেতুর ৩৪তম স্প্যান বসানোর দিন নির্ধারিত ছিল ২৫ অক্টোবর। তবে সব কিছু গুছিয়ে আনায় একদিন আগেই স্প্যানটি তুলে ফেলার পরিকল্পনা করা হয়। শনিবার সকাল স্প্যানটি ক্রেনে তুলে ফেলা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে রওয়ানা দিতে দেরি হয়।
শনিবার বিকেল ৪টায় মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে স্প্যান নিয়ে নির্ধারিত পিলারের দিকে রওয়ানা হয় বিশেষায়িত ক্রেন তিয়ান ইউ। প্রায় ২ কিলোমটার পথ পাড়ি দিয়ে মাঝনদীতে ৭ ও ৮ নম্বর পিলারের কাছে যখন ক্রেন পৌঁছে, ততক্ষণে দিনের আলো নিভু নিভু।
বাকি আছে ক্রেন নোঙ্গর করার কাজ। তবুও চীনের প্রকৌশলীরা হাল না ছাড়লেও বেশ কয়েকবার চেষ্টার পর এক সময় আলোর স্বল্পতার জন্য তা আর সম্ভব হয়ে ওঠেনি।আগে থেকে এ জায়গায় বসানো ৪টি স্প্যানের কাছে ক্রেনসহ স্প্যানটি রেখে দিয়ে ঘোষণা আসে প্রথম দিনের মতো কাজ স্থগিত করার।
পদ্মা সেতু কর্তৃপক্ষ আগামী ডিসেম্বর মাসের মধ্যেই বাকি সবগুলোই স্প্যান বসানোর পরিকল্পনা হাতে নিয়ে কাজ এগিয়ে নিচ্ছেন। তারেই ধারাবাহিকতায় এই মাসের ৩০ তারিখে দিকে আবহাওয়া অনুকূলে থাকলে ৩৫ তম স্প্যান বসানো হতে পারে বলে জানা গেছে।
খবর সারাবেলা / ২৫ অক্টোবর ২০২০ / এমএম




