হঠাৎ বৃষ্টিতে অফিসগামী মানুষের দুর্ভোগ চরমে
সাঁঝ সকালের মুষলধারে বৃষ্টি রাজধানীতে নিয়ে এসেছে সীমাহীন ভোগান্তি। তুমুল বৃষ্টিতে সকাল বেলায় সন্ধ্যার আঁধার, লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। একদিকে অতিবর্ষণ, অন্যদিকে গণপরিবহন সঙ্কট- দুই মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাবাসী।সকালের এ বৃষ্টিতে কর্মস্থলে পৌঁছাতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও একই অবস্থা। সঙ্গে থাকা অভিভাবকরাও নিরুপায়।
মঙ্গলবার সকাল থেকেই অঝোরে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। শান্তিনগর, মগবাজার, মালিবাগ, মিরপুর- ১১ নম্বর, পল্লবী, কালসি, মিরপুর- ১০সহ অনেক এলাকা ঘুরে কোথাও হাঁটু পানি আবার কোথাও এরচেয়েও বেশি পানি জমে থাকতে দেখা বেশি।এদিকে সড়কে পানি জমে থাকায় এবং গণপরিবহন ও রিকশা সংকটে অনেকেরই অফিসযাত্রা বিলম্বিত ও অনিশ্চিত হয়ে পড়েছে। বৃষ্টি ও হাঁটু পানির মধ্যেই অনেককে অফিসের উদ্দেশ্যে যাত্রা করতে দেখা গেছে। সকাল থেকে আকাশ অন্ধকারাচ্ছন্ন থাকায় হেডলাইট জালিয়ে সড়কে গাড়ি চলছে।
আবহাওয়া অফিস বলছে, কোথাও কোথাও আজ সারাদিনই বৃষ্টির দেখা মিলতে পারে। এছাড়া ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস রয়েছে। এ কারণে নদীবন্দরকে ১ নং সংকেত দেখানো হয়েছে।মঙ্গলবার সকালে সিনিয়র আবহাওয়াবিদ নুরুল করিম বলেন, থেমে থেমে রাজধানীতে দুপুর পর্যন্ত বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টি হচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।আগামী ২৪ ঘণ্টা সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। পাঁচ দিনের বর্ধিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
এদিকে ঢাকা, যশোর, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
খবর সারাবেলা / ০১ জুন ২০২১ / এমএম




