সুপ্রিম কোর্টে মাহবুবে আলমের জানাজা সম্পন্ন

September 28, 2020

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। এখন তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩৫ মিনিটে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন সুপ্রিম কোর্ট জামে মসজিদের পেশ ইমাম আবু সালেহ মো. সলিম উল্লাহ।

এতে অংশ নেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকা দক্ষিণের মেয়র ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা।অ্যাটর্নি জেনারেলের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

সোমবার সকালে বেইলি রোডের সরকারি বাসায় মাহবুবে আলমের মরদেহ আনা হয়। সেখান থেকে সকাল ১০টা ৪১ মিনিটে মরদেহবাহী গাড়ি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পৌঁছায়। সেখানে তার মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহকর্মী আইনজীবীসহ রাজনৈতিক ব্যক্তিবর্গরা। তাদের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হকও উপস্থিত ছিলেন।

এর আগে রোববার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএসএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। পরদিন ৪ সেপ্টেম্বর সকালে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে সিএমএইচে ভর্তি করা হয়। শারীরীক অবস্থার অবনতি হলে গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার ভোরে তাকে আইসিইউতে নেয়া হয়।

মাহবুবে আলম ২০০৯ সালের ১৩ জানুয়ারি থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে রয়েছেন। পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যানও তিনি। বাংলাদেশে এত সময় ধরে অ্যাটর্নি জেনারেলের পদে আরও কেউ ছিলেন না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলম এক মেয়াদে সমিতির সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন।

খবর সারাবেলা / ২৮ সেপ্টেম্বর ২০২০ / এমএম