যুদ্ধ চাই না, শান্তি চাই: প্রধানমন্ত্রী
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও যেকোনো হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের সেবায় নিয়োজিত থাকতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশনা দেন। সেনাবাহিনী দেশের মানুষের ভরসা ও আস্থার প্রতীক উল্লেখ করে তিনি বলেন, তাদের সেই ভরসা ও আস্থা রক্ষা করতে হবে।
তিনি বলেছেন, কোনো দেশের সঙ্গে বাংলাদেশ বৈরিতা চায় না। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কিন্তু আভ্যন্তরীণ বা বাহ্যিক যেকোনো হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে সেনাবাহিনীর আটটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন।
সরকার সীমিত সম্পদ দিয়েও সেনাবাহিনীর উন্নয়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ শান্তির পথ বেয়ে প্রগতি অর্জন করতে চায়। বহিঃশক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে সশস্ত্র বাহিনীকে কাজ করতে হবে।
করোনাকালে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে সরকারপ্রধান বলেন, দেশের উন্নয়নে ও করোনাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সেনাবাহিনী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
শীতকালে কারোনা আবার বাংলাদেশে আঘাত হানতে পারে এমন শঙ্কার কথা জানিয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে সকলকে স্বাস্থবিধি মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
খবর সারাবেলা / ২৮ অক্টোবর ২০২০ / এমএম




