মধ্য মাঘে নামতে পারে হাড়কাঁপুনে শীত

January 22, 2022

বাংলাদেশের ঋতু বৈচিত্রে এখন মাঘ মাস। বলা হয়, মাঘের শীতে বাঘ কাঁদে। তবে জলবায়ু পরিবর্তনের ফলে পঞ্জিকাভিত্তিক গ্রীষ্ম-শীতের দিনেও বদল এসেছে। এর ফলে মাঘে বাঘ কাঁদার মতো শীত আর আসে না।তবে আবহাওয়া অফিস বলছে, চলতি মাসের শেষের দিকে ঢাকাসহ সারা দেশে তাপমাত্রা কমতে পারে। এই সময়ে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ফলে মধ্য-মাঘে জাঁকিয়ে নামতে পারে শীত।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই-তিন দিনের মধ্যে সারা দেশে বৃষ্টি হতে পারে। ঢাকায় শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা আছে। একইসময়ে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ বইতে পারে।শুক্রবার নওগাঁর বদলগাছি উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আর কক্সবাজারের টেকনাফে রেকর্ড হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।

খবর সারাবেলা / ২২ জানুয়ারি  ২০২২ / এমএম