মধ্য জানুয়ারিতে আসছে তীব্র শীত
চলতি মাসের ১৫ থেকে ১৬ তারিখের দিকে দেশে দু-একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র (চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (৩ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির সভার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। কৃষি মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশে দু-একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে একটি তীব্র (চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। জানুয়ারির ১৫-১৬ তারিখের দিকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনো কখনো দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
খবর সারাবেলা /০৪ জানুয়ারি ২০২১/এমএম




