বেড়েছে পেঁয়াজ ও তেলের দাম, কমেছে চাল-মুরগির

গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে পেঁয়াজ, চিনিসহ পাম তেলের। তবে কিছুটা কমেছে চাল, মুরগিসহ অন্যান্য সবজির দাম । অপরদিকে অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম।শুক্রবার সকালে রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেট, শ্যামলী সমবায় বাজার ঘুরে বাজার দরের এমন চিত্র উঠে এসেছে।

সরেজমিনে কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি গাজর বিক্রি হচ্ছে ৪০ টাকা, বেগুন ৩০ থেকে ৪০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৪০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ৩০ থেকে ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, মিষ্টি কুমড়া ২০ থেকে ৩০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, লতি ৬০ টাকা, সাজনা ৫০ থেকে ৬০ টাকা, আলু ২০ টাকা, কাঁচামরিচ ৪০ থেকে ৫০ টাকায়। প্রতিপিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৫০ টাকা, বাঁধাকপি ৩০ টাকায়। ৫ টাকা দাম বেড়ে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। পেঁপে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, শসা ৪০ টাকা, মটরশুঁটি ৫০ থেকে ৬০ টাকা, কাকরোল ৬০ টাকা ও লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়।

এছাড়াও শুকনা মরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকা, রসুন ৮০ থেকে ১২০ টাকা, আদা ৮০ থেকে ১৫০ টাকা ও হলুদ ১৮০ টাকা থেকে ২২০ টাকায়। প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এছাড়া প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে ৭৮ টাকা করে।

এদিকে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে চাউলের বাজার। প্রতিকেজি বিআর-২৮ চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা, মিনিকেট ৫৫ থেকে ৫৬ টাকা, নাজিরশাইল ৬২ থেকে ৬৪ টাকা, মোটা চাল ৪০ থেকে ৪২ টাকা, পোলাওয়ের চাল ৯০ থেকে ১০০ টাকায়।

প্রতিকেজিতে ৪০ টাকা দাম কমে সোনালি (কক) মুরগি বিক্রি হচ্ছে ২৩০ টাকা। ব্রয়লার মুরগি কেজিতে ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। লেয়ার মুরগি প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকায়। সেই সাথে লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ৯০ টাকায়। হাঁসের ডিমের দাম কমে ডজন এখন ১৩৫ টাকা।এদিকে জানা গেছে বাজারভেদে খোলা ভোজ্যতেলের দাম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হত তবে এ সপ্তাহে কিছুটা বেড়ে লিটার বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৩৯ টাকায়।

খবর সারাবেলা / ২৩ মে ২০২১ / এমএম