বিকালে জাপান থেকে আসছে আরও আট লাখ টিকা
চতুর্থ চালানে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকার আরও প্রায় আট লাখ ডোজ বাংলাদেশে আসছে। শুক্রবার অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) একটি ফ্লাইট সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা নিয়ে নারিতা বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ৯টা ৪৩ মিনিটে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। আজ শনিবার বিকাল নাগাদ এই টিকা ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল সোয়া ৩টায় হংকং এয়ারলাইনসে করে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে। টিকা গ্রহণ করতে স্বাস্থ্যমন্ত্রীসহ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
কোভ্যাক্সের আওতায় জাপানের বাংলাদেশকে ৩০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহ করার কথা। ইতিমধ্যে তিন চালানে জাপান বাংলাদেশে মোট ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পাঠিয়েছে।
খবর সারাবেলা / ২১ আগস্ট ২০২১ / এমএম




