দীর্ঘ ছুটি শিক্ষার্থীদের মনস্তত্ত্বে বিরূপ প্রভাব ফেলছে
করোনা মহামারীর কারণে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় দেড় বছর ধরে বন্ধ আছে। স্কুল-কলেজের চলমান ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘ ছুটি শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক বিকাশে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ডিজিটাল ডিভাইসের প্রতি শিক্ষার্থীদের আসক্তি, বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশু নির্যাতন, সাইবার বুলিং এমনকি যৌন হয়রানির ঘটনাও বাড়ছে বলে মনে করছেন তারা।ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাস মহামারীতে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত চার কোটিরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশে ১৭ মাসেরও বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর কি ধরনের সামাজিক ও মানসিক প্রভাব পড়ছে, তা জানতে সেভ দ্য চিলড্রেনের পরিচালক (চাইল্ড প্রটেকশন অ্যান্ড চাইল্ড রাইটস গভর্ন্যান্স) আবদুল্লাহ আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. হেলাল উদ্দিন আহমদ, অভিভাবক সাবিনা ইয়াসমীন ও দিনাজপুরের বিরল উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধীন চন্দ্র সরকারের সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তারা পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পরামর্শ দেন।
সেভ দ্য চিলড্রেনের পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘১৭ মাসের বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুরা বেড়ে ওঠার জন্য বাহ্যিক পরিবেশ পাচ্ছে না। তাদের পৃথিবীটা অনেক ছোট হয়ে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে না পারায় শিশুরা কারো সঙ্গে মিশতে পারছে না, খেলাধুলা করতে পারছে না। এটি তাদের বেড়ে ওঠাকে প্রভাবিত করছে এবং তাদের এক ধরনের অন্তর্মুখী মানুষ হিসেবে তৈরি করছে। তাদের অন্যান্য সুকুমার বৃত্তির চর্চায়ও প্রভাব বিস্তার করছে।’আবদুল্লাহ আল মামুন আরো বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘসময় বন্ধ থাকায় শিশুদের সুরক্ষা ঝুঁকি বেড়েছে। বাল্যবিবাহ ও শিশুশ্রম বেড়েছে। তাছাড়া ডিজিটাল ডিভাইসের মাধ্যমে মেয়ে শিশুদের যৌন হয়রানি বেড়েছে এবং তারা নানাভাবে প্রতারণা ও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে।’
ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম বলেন, ‘একজন শিশুর স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য যেসব উপকরণ প্রয়োজন তা পূরণে শিক্ষাপ্রতিষ্ঠান বড় ধরনের ভ‚মিকা পালন করে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সকালে ঘুম থেকে ওঠা, নির্দিষ্ট সময়ে স্কুলে যাওয়া, বাড়ির কাজ করা, পড়াশোনা করা, গান-বাজনা করা, বিশেষ বিশেষ দিবস পালন করা সম্পর্কে জানা, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিভিন্ন সফরে যাওয়াসহ নানা বিষয়ে ব্যাঘাত ঘটছে। অনেকেই একটি ছোট ঘরে আবদ্ধ থাকছে। এতে করে তাদের চিন্তার বিকাশে বা সামাজিকীকরণে প্রভাব বিস্তার করছে। আগে তারা বিভিন্ন বিষয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করত। এখন এগুলো থেকে বঞ্চিত হচ্ছে।’
খবর সারাবেলা / ৩১ আগস্ট ২০২১ / এমএম




