তিন সংস্করণেই বাংলাদেশের দরকার এক অধিনায়ক
খুব ভালো অবস্থানে নেই বাংলাদেশের ক্রিকেট। এক সিরিজে ভালো করছে তো নাকানি-চুবানি খাচ্ছে পরের সিরিজেই। ক্রিকেটের তিন সংস্করণে তিন অধিনায়ক থাকায় এমনটা হচ্ছে বলে মনে করছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন তথ্যই দিয়েছেন তিনি।
বাংলাদেশের ক্রিকেট অবস্থাটা কোথায় সেটা বিগত কয়েকটা সিরিজের দিকে তাকালেই বোঝা যাবে। নিউজিল্যান্ড সফরের আগে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দাপুটে ক্রিকেট খেলেছে টাইগাররা। তিনটি ম্যাচেই জয় তুলে নিয়ে ক্যারিবীয়ানদের রীতিমতো হোয়াইটওয়াশই করে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। কিন্তু এরপর টেস্ট সিরিজেই দেখা যায় মুমিনুলদের অসহায় আত্মসমর্পণ। দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটোটেই হেরেছে বাংলাদেশ।
এরপর নিউজিল্যান্ড সফরে টাইগারদের অবস্থা তো আরো খারাপ। ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে মোট ছয়টি ম্যাচ খেলেছে সফরকারীরা। সফলতার বলতে নেই কিছুই। হেরেছে সবকটিতেই।
বাংলাদেশের এমন অবস্থার সমাধান দিতে গিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দলে এক অধিনায়কের প্রয়োজনের কথা জানান। এ বিষয়ে তিনি জানান, ‘যদি তিনটি সংস্করণকে আমরা সমান গুরুত্ব দিতাম এবং তিন সংস্করণে আমাদের পারফরম্যান্স একই রকম থাকত, তাহলে একটা ব্যাপার ছিল। কিন্তু আমাদের তো তিন সংস্করণে একই রকম পারফরম্যান্স নয়। এটাই সমস্যা, বিশেষ করে যে সংস্করণে আমরা ভালো খেলি না, সেই অধিনায়কের বেশি সমস্যা।’
তিনি আরো বলেন, ‘যে সংস্করণে আমরা ভালো খেলি, সেই অধিনায়ক সব সময় স্বস্তিতে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাকি যে সংস্করণে আমরা ভালো খেলি না বা নিয়মিত সাফল্য পাই না, সেই সংস্করণের অধিনায়কের জন্য তো কাজটা কঠিন হয়ে যায়। তাকে সব সময় চাপে থাকতে হবে, সমালোচনা শুনতে হবে এবং অধিনায়ক হিসেবে তার থিতু হতেও বেশি সময় লাগবে। আবার যে সংস্করণে আমাদের দল ভালো, সে অধিনায়কের সমস্যা কম হবে, তার সময়ও কম লাগবে থিতু হতে।’
উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অংশ নিতে আপাতত ভারতে অবস্থান করছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএলের ১৪তম আসরে কলকাতা নাইট রাইডার্সের জার্সিগায়ে মাঠে নামবেন তিনি।
খবর সারাবেলা / ১০ এপ্রিল ২০২১ / এমএম




