ডিভোর্স না দিয়ে বিয়ে করার মতো গাধা নই: নাসির

ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মির বিয়ে আলোচনায় বেশ কদিন ধরেই। তামিমাকে স্ত্রী দাবি করে একজন অভিযোগ করে বসেন, তাকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা। যদিও বিষয়টি অস্বীকার করেছেন নাসির-তামিমা দম্পতি। সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান ব্যখ্যা করেন তারা।

জানান, বৈধভাবেই বিয়ে করেছেন। তবে, কিছু ইউটিউবার ও ভুইফোঁর পোর্টাল বিষয়টি এখনো নেতিবাচকভাবে প্রচার করায় ক্ষোভ প্রকাশ করলেন নাসির। একজন সচেতন নাগরিক হিসেবে ডিভোর্স না করিয়েই কোনো নারীকে বিয়ে করতে পারেন না- বিষয়টি আবারও স্পষ্ট করলেন জোর গলায়।

রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নাসির গণমাধ্যমকে বলেন, ‘আমি যা-ই করেছি লিগ্যালি করেছি। হয়তো সংবাদ সম্মেলন ডেকে আপনাদের বিস্তারিত দেখিয়ে দেব। এটুকুই শুধু বলি- আমরা এতটা গাধা না যে ডিভোর্স না দিয়ে বিয়ে করব। আর কী বলব আমি… দেখুন, আমরা সব কাগজপত্র সেভাবে দেখাইনি। ২-৩ জন ইউটিউবার এসব নিয়ে খবর প্রচার করছে আর মানুষজন এতটাই অশিক্ষিত- একতরফাভাবে এসব শুনে মাতামাতি করছে।’

ব্যক্তিগত জীবনের এসব বিষয় খেলায় প্রভাব ফেলে কি না- এমন প্রশ্নের জবাবে নাসির বলেন, ‘এটা ক্রিকেট মাঠ। এখানে খেলতে আসলে আমার মাথায় বাইরের চিন্তা থাকে না। কোনো খেলোয়াড়েরই থাকে না। বাইরে যাই হোক না কেন, ব্যাটিং-বোলিং করার সময় এসব চিন্তা থাকে না।’

খবর সারাবেলা / ২১ মার্চ ২০২১ / এমএম