খাবারে থাকুক ভিন্নতা

প্রতিদিন একই খাবার খেতে কার ভালো লাগে, করোনাকালে অনলাইন থেকে অনেকেই খাবার অর্ডার করছেন শুধুমাত্র রুচির পরিবর্তনের জন্য। কিন্তু সে খাবার কতোটা স্বাস্থ্যসম্মত, তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েই যায়। তাই রুচির পরিবর্তন করতে চাইলে বাড়িতেই তৈরি করে নিন মুখরোচক বিভিন্ন রেসিপি। পরিবারের সবার পছন্দ হতে পারে এমন ৩টি রেসিপি দিয়েছেন উম্মে সালমা সুলতানা।

জালি কাটলেট

প্রয়োজনীয় উপকরণ

গরুর মাংসের কিমা ৫০০ গ্রাম

আদা বাটা ১ চামচ

রসুন বাটা ৬ কোয়া

কাঁচা মরিচ বাটা ৮ টি

পেঁয়াজ বাটা ২ টি

ডিম ৮ টি

পাউরুটি ৫ স্লাইস

বিস্কুট গুঁড়া ৩০০ গ্রাম

ভাজার জন্য তেল পরিমাণমতো

লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালী

প্রথমে কিমায় সব বাটা মসলা মাখিয়ে ২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। পাউরুটি অল্প পানিতে ১৫ মিনিট ভিজিয়ে পানি চেপে শুকনা ও নরম করে নিন। এবার কিমার সাথে পাউরুটি ও লবণ মিশিয়ে চটকে কাটলেটের আকারে তৈরি করে বিস্কুটের গুঁড়ায় মাখিয়ে নেবেন। এরপর ৪টি ডিম ফাটিয়ে আধ কাপ পানির সাথে মিশিয়ে ভালো করে আবার ফেটে নিন। কড়াইয়ে পরিমাণমতো তেল গরম করে কাটলেট আরো ৪টি ডিমের গোলায় চুবিয়ে নিয়ে ভাজুন। রঙ ধরে আসলে অল্প ডিমের গোলা ভাজার সময় কাটলেটের উপর ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ‘জালি কাটলেট’।

মুরগির রোস্ট

প্রয়োজনীয় উপকরণ

মুরগি ১টি দেড় কেজি

টক দই ১ কাপ

মিষ্টি দই আধা কাপ

চিনি ২ টেবিল চামচ

গোলাপ জল ১ চা চামচ

তেল কোয়াটার লিটার

পেঁয়াজ কুঁচি ২৫০ গ্রাম

আদা বাটা ১ টেবিল চামচ

রসুন বাটা ১ টেবিল চামচ

পোস্তদানা বাটা অর্ধেক টেবিল চামচ

জয়ত্রী ও জয়ফল আধা চা চামচ

মরিচ গুঁড়া ১ চা চামচ

ঘন দুধ ১ কাপ

তেজপাতা ২/৩ টি

এলাচি ও দারুচিনি ৩টি করে

কিশমিশ বাটা ২ চা চামচ

পানি ১ কাপ

জাফরান রঙ অল্প

লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালী

সবার আগে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিতে হবে। এরপর মুরগি টক দইয়ে মেখে আধা ঘণ্টা রেখে দিন। এবার টক দই থেকে তুলে জাফরান রঙ মেখে নিয়ে তারপর ডুবো তেলে হালকা ভাবে ভেজে নিন। হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ ভাজা ও বাকী টক দই, মিষ্টি দই, বাটা মসলা ও মরিচ গুঁড়া দিয়ে রান্না করতে হবে কিছুক্ষণ। সবশেষে নামিয়ে নিয়ে ইচ্ছে মতো পরিবেশন করুন মজাদার ‘মুরগির রোস্ট’।

চিংড়ি কাটলেট

প্রয়োজনীয় উপকরণ

চিংড়ির কিমা ১ কাপ

নারকেল দুধ ২ টেবিল চামচ

বেসন ৩ টেবিল চামচ

কর্ণফ্লাওয়ার ৪ চা চামচ

মরিচ গুঁড়া ১ চা চামচ

কারি পাউডার ১ চা চামচ

আদা বাটা ১ চা চামচ

রসুন বাটা ১ চা চামচ

কাঠি ৬ পিস

ভাজার জন্য তেল পরিমাণমতো

লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালী

একটি পাত্রে সমস্ত মসলা দিয়ে উপকরণগুলো মাখিয়ে ১০/১৫ মিনিট রেখে দিন। তারপর মাখানো কিমা কাঠিতে আটকিয়ে ডুবো তেলে ভেজে নিন। এবার নিজের পছন্দমতো সাজিয়ে নিয়ে পরিবেশন করুন স্বাদে অনন্য ‘চিংড়ি কাটলেট’।

খবর সারাবেলা / ২২ আগস্ট ২০২১ / এমএম