ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

August 25, 2022

ওষুধের দোকান রাত ১২টার পর বন্ধ রাখার কোনো নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘২৪ ঘণ্টাই ওষুধের দোকান খোলা থাকবে।’বৃহস্পতিবার (২৫ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ওষুধের দোকান বন্ধ থাকবে না, এটা সবসময়ই খোলা থাকবে। সিটি করপোরেশন যদি এটা নিয়ে কিছু করে থাকে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে করা হয়নি। আমরা এখনই বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলছি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে ওষুধের দোকান নির্দিষ্ট সময়ের পর বন্ধ করার কোনো কারণ নেই। দোকানগুলো ২৪ ঘণ্টাই খোলা রাখা যাবে।

রাজধানীতে ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত আর হাসপাতালের দোকানগুলো ২টার পর বন্ধ করে দেওয়ার বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস সম্প্রতি নির্দেশনা দেন। এরপর বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা তৈরি হয়। এর মধ্যেই বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিষয়টি নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

দেশের হাসপাতালের সেবা কার্যক্রম সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদেরকে মন্ত্রী বলেন, ‘রাত ১২ টার ওষুধের দোকান বন্ধের কোনো নির্দেশ আমরা দেইনি। কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা চলছে। তবে ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে।

খবর সারাবেলা / ২৫ আগস্ট ২০২২ / এমএম