ওমরাহ করতে যাচ্ছেন সাত টাইগার ক্রিকেটার
গত কয়েক মাস ব্যস্ত সময় কাটানোর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে লম্বা ছুটি পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। আর এই ছুটিকে কাজে লাগানোর জন্যই সৌদি আরবে ওমরাহ করতে যাচ্ছেন সাতজন টাইগার ক্রিকেটার। সেই উদ্দেশ্যে আগামী ১৬ সেপ্টেম্বর দেশ ছাড়বেন তারা।
তবে সাতজনের সবারই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি। ওমরাহ করতে যাওয়া ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন মোট পাঁচজন। তারা হলেন- তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন এবং মোহাম্মদ সাইফউদ্দিন। আর বাকি দুজন হলেন- তাইজুল ইসলাম ও জাকির হোসেন। এই সাতজন ক্রিকেটারের সফর সঙ্গী হিসেবে থাকছেন টাইগার পেসার তাসকিন আহমেদের বাবাও।
ওমানে বিশ্বকাপের প্রথমপর্বের খেলা শুরু হবে আগামী ১৭ অক্টোবর। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ওমানে গিয়ে অক্টোবরের ৪ তারিখ থেকে অনুশীলন শুরু করে দেবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। ফলে চলতি মাসে ওমরাহ শেষ করে ভালোভাবেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তাসকিন-সোহানরা।
এদিকে নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর ছুটি পেয়েছেন বাংলাদেশ দলের কোচিং স্টাফরাও। তারাও নাড়ির টানে ছুটি গেছেন নিজ নিজ দেশে। মাহমুদউল্লাহদের সঙ্গে সরাসরি ওমানে গিয়ে যোগ দেবেন তারা। পরিকল্পনা অনুযায়ী সেখানে প্রাকটিসপর্ব শেষ করার পর বিশ্বকাপের প্রথমপর্বে অংশ নেবে বাংলাদেশ দল।
খবর সারাবেলা / ১২ সেপ্টেম্বর ২০২১ / এমএম




